ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
ইউএনওকে ঘুষ দিতে গিয়ে আটকের ভয়ে দৌড়ে পালাল কামাত আঙ্গারিয়া দাভিল মাদ্রাসা সুপার সাইদুর রহমান। দৌড়ে পালিয়েও রক্ষা হয়নি ঐ দুর্নীতিবাজ সুপারের অবশেষে থানায় জিডি করল উপজেলা প্রশাসন।
জানাগেছে কামাত আঙ্গারিয়া দাখিল মাদ্রাসার সুপার সাইদুর রহমানের বিরুদ্ধে অবৈধ নিয়োগ বাণিজ্য, জালিয়াতি, শিক্ষকদের হয়রানি, সরকারি বরাদ্দ আত্মসাৎ, মাদ্রাসার গাছ কেটে নিজের কাজে লাগানোসহ বেশ কিছু অভিযোগ উপজেলা নির্বাহী অফিসারের তদন্তাধীন রয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে আগামী কয়েকদিনের মধ্যে এসব অভিযোগের তদন্ত প্রতিবেদন সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করার কথা রয়েছে। ইতিমধ্যে এই দুর্নীতিবাজ সুপার সাইদুর রহমানের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকরা মিছিল সহ প্রতিবাদ সভাও করেছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে কামাত আঙ্গারিয়া দাখিল মাদ্রাসার সুপার ইউএনওর কার্যালয়ে গিয়ে ইউএনওকে গোলাম ফেরদৌসকে এক বান্ডিল টাকা ঘুষ দেয়ার চেষ্টা করেন। এ ঘটনায় ইউএনও ক্ষিপ্ত হয়ে সুপারকে আটক করতে অফিস স্টাফদের তার কক্ষে ডাকেন। অফিস স্টাফরা কক্ষে পৌছার আগেই মাদ্রাসা সুপার সাইদুর রহমান টের পেয়ে টাকা নিয়ে দৌড়ে পালিয়ে যান। ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম ফেরদৌস বলেন, কামাত আঙ্গারীয়া দাখিল মাদ্রাসার সুপারের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্তের জন্য একটি কমিটি করা হয়েছে। তিনি অফিসে এসে আমাকে টাকা দিতে চেয়েছেন। স্টাফদের তাকে আটক করে থানায় সোপর্দ করার কথা বলা হলে স্টাফরা আটকের পুর্বেই তিনি পালিয়ে যান। দ্রুত তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন বলেন,বৃহস্পতিবারই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঐ সুপারের নামে জিডি করেছেন। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদ্রাসার শিক্ষার্থী,অভিভাবক ও এলাকাবাসী অনতি বিলম্বে দুর্নীবাজ সুপার সাইদুর রহমানের বিরুদ্ধে সকল অভিযোগ তদন্ত করে চাকুরীচ্যুতকরণসহ আইনানুগ ব্যবস্থা গ্রহনের জোরদাবী জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন