স্টাফ রিপোর্টার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে আজ নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে। তফসিল ঘোষণার সাথে সাথেই দেশব্যাপী নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মানার নির্দেশনা জারি করা হয়েছে।
ইসির নির্দেশ অনুযায়ী সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেইট, তোরণ, প্যান্ডেল, আলোকসজ্জা ও যেকোনো নির্বাচনী প্রচার ক্যাম্প ৪৮ ঘণ্টার মধ্যে নিজ দায়িত্বে ও নিজ খরচে অপসারণ করতে হবে।
এমতাবস্থায় ভূরুঙ্গামারীবাসীর উদ্দেশে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এক সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তিতে তিনি বলেন—
সম্মানিত ভূরুঙ্গামারীবাসী, আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে তফসিল ঘোষণা করা হয়েছে। সম্ভাব্য প্রার্থীগণের সকল ধরনের প্রচারসামগ্রী ৪৮ ঘণ্টার মধ্যে নিজ দায়িত্বে/খরচে অপসারণের জন্য নির্বাচন কমিশন নির্দেশনা প্রদান করেছেন। তাই সংশ্লিষ্ট সকলকে অবিলম্বে এসব প্রচারসামগ্রী অপসারণের অনুরোধ করা হলো।”
ইউএনও অফিস সূত্রে জানানো হয়েছে—নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন রোধে মাঠ প্রশাসন সার্বক্ষণিক তদারকি করবে এবং কেউ নির্দেশনা অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে সন্ধ্যার পর থেকেই ভূরুঙ্গামারীর বিভিন্ন এলাকায় পোস্টার ও ব্যানার অপসারণ কার্যক্রম শুরু হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
