ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে চারটি ড্রেজার মেশিন জব্দ করেছে উপজেলা প্রশাসন। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ড্রেজার মালিকরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সোমবার (১২ মে) দুপুরে উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর গ্রামের সামাদের ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় কোনো ধরনের নিয়ম-নীতির তোয়াক্কা না করে দুধকুমার নদে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন ও বিক্রি করা হচ্ছিল। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি নদীপাড়ে ভাঙনের ঝুঁকি বাড়ছিল।
এদিকে, অবৈধ বালু উত্তোলনস্থলের পাশেই কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে শূন্য দশমিক পাঁচ কিলোমিটার তীররক্ষা বাঁধ নির্মাণ করছে। স্থানীয়দের অভিযোগ, ড্রেজারের কারণে নবনির্মিত এ প্রকল্প হুমকির মুখে পড়েছে এবং নদীপাড়ের বসতভিটা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে তারা দীর্ঘদিন ধরে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করলেও প্রভাবশালী চক্রের কারণে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছিল না। পরে বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে প্রশাসন অভিযান পরিচালনায় উদ্যোগী হয়।
অভিযানে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন, ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দীনসহ থানা পুলিশ ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক বলেন, “অভিযানকালে নদী থেকে চারটি অবৈধ ড্রেজার উচ্ছেদ করা হয়েছে। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ড্রেজার মালিকরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন