কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে নতুন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান। জেলা প্রশাসক সিফাত মেহনাজের বদলীর পর প্রশাসনিক শূন্যতা পূরণের উদ্দেশ্যে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে নতুন জেলা প্রশাসক হিসেবে অন্নপূর্ণা দেবনাথকে পদায়ন করলে জেলার বিভিন্ন সামাজিক ও পেশাজীবী মহল থেকে সমালোচনা ও নারীর জেলা প্রশাসক পদায়নের বিরোধী বক্তব্য প্রকাশিত হয়। পরিস্থিতি বিবেচনায় প্রশাসন পরবর্তীতে অন্নপূর্ণা দেবনাথকে জেলা প্রশাসক হিসেবে পদায়নের পরিবর্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামানকে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব প্রদান করে।
ভারপ্রাপ্ত ডিসি হিসেবে দায়িত্ব নেওয়ার পর মোঃ আসাদুজ্জামান জেলা প্রশাসনের সকল কার্যক্রমকে স্বাভাবিক ও গতিশীল রাখার পাশাপাশি জনগণের সেবা, আইন-শৃঙ্খলা রক্ষা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। জেলার বিভিন্ন মহল তাঁর দায়িত্ব গ্রহণকে ইতিবাচকভাবে দেখছেন এবং আশা প্রকাশ করছেন, প্রশাসন সুশাসন ও উন্নয়নের পথে অটল থাকবে।
