লালমনিরহাট প্রতিনিধি
সীমান্ত থেকে মামা ভাগনেকে ধরে নিয়ে যাওয়ার ৮ ঘণ্টা পরে গভীর রাতে তাদের ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার (৩ মে) দিনগত রাত ২টার দিকে বুড়িমারী স্থলবন্দরের জিরো পয়েন্ট দিয়ে তাদের ফেরত দেয় বিএসএফ।
এর আগে শুক্রবার সন্ধ্যায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার গাটিয়ারভিটা সীমান্ত ঘেষা চা বাগানে টিকটক করার সময় ওই মামা ভাগনেকে ধরে নিয়ে যায় বিএসএফ সদস্যরা।

ফেরত আসা বাংলাদেশীরা হলেন, পাটগ্রাম উপজেলার ধবলসুতি গাটিয়ারভিটা এলাকার মোস্তাকের ছেলে এসএসসি পরীক্ষার্থী মাহফুজ ইসলাম রিমন (১৭) ও তার মামা বগুড়ার বাসিন্দা সাজেদুল ইসলাম।

বিজিবি সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক সীমান্তের ৮২৫ নম্বর মেইন পিলারের ১ নম্বর সাবপিলার সংলগ্ন এলাকায়, কাঁটাতারের বেড়ার এপাড়ে অবস্থিত একটি ভারতীয় চা বাগানে টিকটকের ভিডিও বানাচ্ছিলেন রিমন ও তার মামা সাজেদুল।

এ সময় কর্তব্যরত বিএসএফ সদস্যরা তাদের আটক করে নিয়ে যান।

ঘটনার পরপরই বিজিবি দ্রুত পদক্ষেপ নেয় এবং বিএসএফের সঙ্গে যোগাযোগ করে।

বিজিবির পক্ষ থেকে তাদের নিরাপদে ফেরত পাঠানোর জন্য আহ্বান জানানো হয়। ফলে রাতেই উভয়পক্ষের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় এবং বিএসএফ বাংলাদেশি নাগরিকদের ফেরত দিতে রাজি হয়।

ফেরত আসা রিমন ও সাজেদুল জানিয়েছেন, আটকের পর বিএসএফ সদস্যরা তাদের সঙ্গে কোনো খারাপ আচরণ করেনি। দেশে ফিরে আসার পর তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান জানান, বিজিবি ভারতীয় বিএসএফকে বৈঠকের আহ্বান জানালে তারা সারা দেয়। পরে পতাকা বৈঠকের পর বিএসএফ এর হেফাজতে থাকা দুজনকে রাতেই তারা ফেরত দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন