লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে চা বাগান দেখতে গিয়ে ছবি তোলার সময় রিমন নামে এক এসএসসি পরীক্ষার্থী ও তার মামা মাজেদুল নামে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শুক্রবার (২ মে) সন্ধ্যার উপজেলার ধবলসতি গাটিয়ারভিটা সীমান্তের ৮২৫ মেইন পিলারের ১ নং সাব পিলারের কাছ থেকে তাদের ধরে নিয়ে যায়।
এরা হলেন, পাটগ্রাম উপজেলার ধবলসুতি গাটিয়ারভিটা এলাকার মোস্তাকের ছেলে এসএসসি পরীক্ষার্থী রিমন ইসলাম (১৭) ও তার মামা বগুড়ার বাসিন্দা মাজেদুল ইসলাম।
পুলিশ ও স্থানীয়রা জানায়, এসএসসি পরীক্ষার্থী রিমন ইসলামের বাড়িতে বেড়াতে আসেন তার মামা মাজেদুল ইসলাম। ভারতীয় সীমান্ত লাগোয়া রিমনদের বাড়ির পাশে বাংলাদেশ অংশে রয়েছে চা বাগান। শুক্রবার শেষ বিকেলে সেই চা বাগানে বেড়াতে গিয়ে মামা ভাগ্নে ছবি তুলছিল। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে তাদের ধরে নিয়ে যায়। এ ঘটনা ছড়িয়ে পড়লে সীমান্তে লোকজন জড়ো হতে থাকে এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর ৬১ ব্যাটালিয়নের অধিনায়কের নম্বরে একাধিক বার ফোন করা হলেও রিসিভ হয়নি।
পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার বলেন, বিজিবি বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের আহবান করা হয়েছে। বৈঠকে আটক মামা ভাগ্নেকে ছেড়ে দেওয়ার ব্যাপারে আলোচনা চলছে।
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, এ বিষয়ে বিজিবি বিএসএফের মধ্যে আলোচনা চলছে। পতাকা বৈঠকের আহবান করা হয়েছে।
