স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম
কুড়িগ্রামে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করেছে জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় জেলার পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম-এর সার্বিক দিকনির্দেশনায় চিলমারী থানা পুলিশ বৃহস্পতি ও শুক্রবারের মধ্যবর্তী রাতে বিশেষ অভিযান পরিচালনা করে ১৪ কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
শুক্রবার (০৫ ডিসেম্বর ২০২৫) দুপুর সাড়ে ১১টার দিকে চিলমারী উপজেলার রমনা ঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতার হওয়া মাদক কারবারিরা হলেন—ফুলবাড়ী থানার নাওডাঙ্গা রাবাইটারী এলাকার মো. খোরশেদ আলম (২০), মো. আসাদ আলী (১৯) ও নাজির হোসেন (২৮)।
চিলমারী থানা পুলিশের আভিযানিক দল অভিযানের সময় তিনজনের কাছ থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার করে। পরে তাদেরকে থানা হেফাজতে নিয়ে আসা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল আলম, পিপিএম বলেন,
“কুড়িগ্রাম জেলাকে মাদকমুক্ত করতে জেলা পুলিশ বদ্ধপরিকর। পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এর অংশ হিসেবে চিলমারী থানা পুলিশ সফলভাবে ১৪ কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।”
তিনি আরও জানান, গ্রেফতারদের বিরুদ্ধে চিলমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। জেলার সর্বত্র মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন