দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বিরল উপজেলার সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় সাতজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি জানায়, শনিবার বিকেল সাড়ে চারটার দিকে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)–এর অধীন কিশোরীগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ ঘটনা ঘটে। সীমান্ত পিলার ৩৩১/৩–এস থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের ভেতরে বিরল উপজেলার খোপড়াগ্রাম সীমান্তবর্তী এলাকা থেকে টহলদল তাঁদের আটক করে।
আটক ব্যক্তিরা হলেন ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার জামুন মশালডাঙ্গি গ্রামের মো. সাইফুদ্দিনের ছেলে মো. আলম (২৫), পাঁচঘড়িয়া পিপলডাঙ্গি গ্রামের মোস্তফার ছেলে মো. মুনির আলী (২৪), একই গ্রামের আতাউর রহমানের ছেলে মকলেস (২১), ভেটনা গ্রামের রফিজ উদ্দিনের ছেলে মো. ওয়াসিম (২০), বনগাঁও গ্রামের নুর ইসলামের ছেলে মো. নুর আলী (২০), কলেজপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. জুবায়ের হোসেন (১৯) এবং জামুন মশালডাঙ্গি গ্রামের লিয়াকত আলীর ছেলে মো. হাবিবুর রহমান।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, কাজের সন্ধানে তাঁরা প্রায় সাত মাস আগে বিভিন্ন সময়ে দালালের মাধ্যমে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যান। সম্প্রতি তাঁরা আবার অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন।
আটক ব্যক্তিদের বাংলাদেশি নাগরিকত্ব যাচাই শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বিরল থানায় হস্তান্তর করা হয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান প্রথম আলোকে বলেন, সীমান্ত এলাকায় মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *