ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে জাতীয় ছাত্র শক্তির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ উপলক্ষে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) দুপুরে উপজেলার জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক জাহিদ হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির ভুরুঙ্গামারী উপজেলা প্রধান সমন্বয়কারী মাহফুজুল ইসলাম কিরণ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নং যুগ্ম সমন্বয়কারী মোরশেদুর রহমান আনিস, ২ নং যুগ্ম সমন্বয়কারী শামীম সারওয়ার এবং সদস্য নাহিদ হাসান প্রিন্স।

উপজেলা জাতীয় ছাত্র শক্তির সদস্য সচিব হাসান মাহমুদ জয়ের সঞ্চালনায় আহ্বায়ক আহসান হাবীব লিংকনসহ সংগঠনের অন্যান্য নেতারা আলোচনায় অংশ নেন।

সভায় বক্তব্যে জাহিদ হাসান বলেন, “শিক্ষার্থীদের অধিকার ও বৈষম্যমুক্ত সমাজ গড়ার প্রত্যয় থেকেই জাতীয় ছাত্র শক্তির যাত্রা শুরু। আমরা নতুন প্রজন্মকে ইতিবাচক রাজনীতির প্রতি উদ্বুদ্ধ করতে চাই। সংগঠনকে সুসংগঠিত করে উপজেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে কার্যক্রম বিস্তার করা হবে।”

প্রধান অতিথি মাহফুজুল ইসলাম কিরণ বলেন, “জাতীয় ছাত্র শক্তি আমাদের সংগঠনের প্রাণ। তরুণরাই উন্নয়ন ও সমাজ পরিবর্তনের মূল চালিকাশক্তি। তাদের আদর্শ, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে গড়ে উঠলে জাতীয় নাগরিক পার্টির আন্দোলন হবে আরও বেগবান।”

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি, জাতীয় ছাত্র শক্তি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আহত জুলাই যোদ্ধাসহ শতাধিক আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *