ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
ভুরুঙ্গামারী উপজেলার দীর্ঘদিনের জনদাবি ছিল যানজটমুক্ত উপজেলা সদর। অবশেষে সেই বহুল প্রতীক্ষিত দাবি পূরণে উদ্যোগ নিয়েছেন কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মাহফুজুর রহমান। তাঁর নির্দেশে ভুরুঙ্গামারীতে দুইজন পুলিশ সদস্যকে ট্রাফিক পুলিশের দায়িত্বে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগপ্রাপ্ত এই দুই সদস্য সার্বক্ষণিকভাবে ভুরুঙ্গামারী বাজার এলাকায় অবস্থান করে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত এবং বাজার এলাকার যানজট নিরসনে কাজ করবেন।
বছরের পর বছর ধরে ভুরুঙ্গামারী বাজার, হাসপাতাল মোড়, কলেজ গেট ও পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় নিয়মিত যানজটের কারণে সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। সকাল-বিকেল স্কুল-কলেজ ছুটির সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠত।
স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা জানান, “পুলিশ সুপার মাহফুজুর রহমানের এই পদক্ষেপ ভুরুঙ্গামারীবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করেছে। আমরা আশা করছি, এখন থেকে বাজার এলাকায় যানজট অনেকটাই কমে আসবে।”
ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, মোঃ আল হেলাল মাহমুদ বলেন “এসপি মহোদয়ের নির্দেশে দুইজন পুলিশ সদস্যকে ট্রাফিক দায়িত্বে নিয়োজিত করা হয়েছে। তারা সার্বক্ষণিকভাবে যান চলাচল নিয়ন্ত্রণে কাজ করবেন। প্রয়োজনে ভবিষ্যতে আরও সদস্য যুক্ত করা হবে।”
উল্লেখ্য, কুড়িগ্রাম পুলিশ সুপার মাহফুজার রহমানের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভুরুঙ্গামারীবাসী জানিয়েছেন, এই কার্যক্রম ধারাবাহিকভাবে চললে উপজেলা সদর এলাকা একদিন সম্পূর্ণ যানজটমুক্ত হয়ে উঠবে বলে তাদের বিশ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন