ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ট্রাকের ধাক্কায় আশিফ হাসান (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে ভূরুঙ্গামারী-সোনাহাটস্থল বন্দর সড়কের পাটেশ্বরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশিফ হাসান উপজেলার গছিডাঙ্গা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। সে পাটেশ্বরী বরকতিয়া উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে পাটেশ্বরী বাজার থেকে কেনাকাটা করে বাই সাইকেল যোগে বাড়ী ফেরার সময় পেছন দিক থেকে আসা একটি পাথর বোঝাই ট্রাক আশিফকে ধাক্কা দেয়। এতে সে ঘটনাস্থলেই নিহত হয়।
দুর্ঘটনার পর ট্রাকদ্রুত গতিতে নিয়ে চালক পালিয়ে যায়।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল হেলাল মাহমুদ জানান,পরিবারের পক্ষ থেকে আবেদনের প্রেক্ষিতে লাশ দাফনের জন্য নিহতের পরিবারের স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাক ও চালককে আটকের চেষ্টা চলছে।
