রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের শান্তিপুর বাঁশবাড়ি এলাকায় দীর্ঘদিনের জমি-সংক্রান্ত বিরোধে
দুই পক্ষের মারামারিতে আহত ১০ জন। সোমবার (১৭ নভেম্বর) বিকেলে সামান্য বেড়া নির্মাণকে কেন্দ্র করে দুই চাচাতো ভাই আবুল কাশেম ও আব্দুল কুদ্দুস পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। লাঠিসোঁটা নিয়ে চলা এই মারামারিতে মোট ১০ জন আহত হন। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে মুহূর্তেই।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৩৬ শতাংশ জমিকে কেন্দ্র করে দুই পরিবারের দীর্ঘদিনের বিরোধ নতুন করে মাথাচাড়া দেয়। ঘটনার দিন বাড়ির সামনে বেড়া দেওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষ তুমুল বাগবিতণ্ডায় জড়ায়। একপর্যায়ে তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। আহতদের রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে সংঘর্ষের কিছুক্ষণ পরই আবুল কাশেমের একটি খড়িঘরে রহস্যজনকভাবে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও আগুন লাগার কারণ এখনো স্পষ্ট নয়। স্থানীয়দের মধ্যে এ ঘটনাকে কেন্দ্র করে নানা আলোচনা চলছে।
আহতদের মধ্যে রয়েছেন—রবিউল ইসলাম (২৫), আবুল কাশেম (৬০), খলিলুর রহমান (৭০), আব্দুল কুদ্দুস (৭০), লাকি আক্তার (৩৫), ফয়জুল ইসলাম (৩৭), মুসলিম (৩০), দুলালী বেগম (28), রাকিব (১৪) ও আজগর আলী (৫০)।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহ. আরশেদুল হক বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে এখনো কোনো পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
