লালমনিরহাট প্রতিনিধি
মাসব্যাপী স্বেচ্ছাশ্রমে চলছে লালমনিরহাট জেলা যুবদলের জনসেবা ও উন্নয়নমূলক কাজ। তারা বৃক্ষরোপণ, রাস্তার পাশের আগাছা পরিষ্কার এবং নিজ অর্থায়নে নিজেরাই শ্রম দিয়ে ভেঙে যাওয়া ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার করে প্রশংসা কুড়িয়েছেন এলাকার মানুষজনের। শুক্রবার দিনব্যাপী লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের দুরাকুটি কবরস্থান থেকে জেলার আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের শালামারা ব্রীজ পর্যন্ত প্রায় দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার করেছেন।

বর্ষা মৌসুমে ওই রাস্তাটি বড় বড় গর্তে পরিনত হয়। চলাচলের অযোগ্য হয়ে পড়ে রাস্তাটি। দুই ইউনিয়নের সংযোগ স্থল রাস্তাটি দিয়ে স্কুল-কলেজ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ১৫ হাজার মানুষ চলাচল করে।

জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান ও সদস্য সচিব হাসান আলীসহ দলের নেতাকর্মীরা নিজ উদ্যোগে এবং নিজেরাই শ্রম দিয়ে ভেঙে যাওয়া ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার করেন। তারা ইটের খোয়া, বালু ও মাটি ফেলে ক্ষতিগ্রস্ত রাস্তটি সংস্কার করেছেন। রাস্তাটি সংস্কারে সাধারণ মানুষের চলাচলের ভোগান্তি লাঘব হওয়ায় এলাকার মানুষদের প্রশংসায় ভাসছেন স্থানীয় যুবদলের যুবকরা। এছাড়া তারা জেলার ১৬টি ইউনিয়নের বিভিন্ন ক্ষতিগ্রস্ত পাকা ও কাচা রাস্তা সংস্কার, রাস্তার ধারে বৃক্ষরোপণ ও আগাছা পরিষ্কার করে প্রশংসা কুড়িয়েছেন এলাকাবাসীর।

এলাকাবাসী বয়োজ্যেষ্ঠ আলী হোসেন জানান, এই রাস্তাটি দিয়ে ঐতিহ্যবাহী দুরাকুটি বাজারে যাওয়ার জন্য হাজার হাজার মানুষ চলাচল করে। রাস্তাটির বিভিন্ন স্থানে সৃষ্টি হওয়া গর্তে রিক্সা, ভ্যান, সাইকেল ও মোটরসাইকেল পড়ে ঘটেছে নানা দূর্ঘটনা। তিনি রাস্তা সংস্কার করায় যুবদলের যুবকদের ধন্যবাদ জানান।

এলাকাবাসী হযরত আলী জানান, বন্যার সময় ওই রাস্তাটি দিয়ে বৃষ্টির পানি নেমে যাওয়ার সময় রাস্তাটির বেশিরভাগ অংশই ক্ষতিগ্রস্ত হয়। যাতায়াতে অযোগ্য হয়ে পড়ে। চরম ভোগান্তিতে পড়েন ওই দুই ইউনিয়নের বাসিন্দারা। সড়কটি সংস্কার হওয়ায় যুবদলের নেতাকর্মীদের ধন্যবাদ জানান তিনি।
স্কুলছাত্রী রেবেকা খাতুন ও স্কুলছাত্র আব্দুল ওহাব জানান, আমাদের স্কুলে যাওয়ার এটিই একমাত্র রাস্তা। শুষ্ক মৌসুমে চলাচল করতে পারলেও বর্ষাকালে রাস্তাটিতে কাদা জমে থাকে। সাইকেল চালানো দূরের কথা পায়ে হেঁটেও চলাচল করা যায় না। অনেকবার পা পিছলে কাদায় পড়ে বই খাতা নষ্ট হয়েছে। রাস্তা সংস্কার হওয়ায় তারা খুব খুশি।

জেলা যুবদলের সভাপতি জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় বন্যা পরবর্তী রাস্তা মেরামত ও পুর্নবাসন কর্মসূচির অংশ হিসেবে তারা বৃক্ষরোপণ কর্মসূচী, নিজেদের অর্থ দিয়ে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার কাজ করছেন। মাসব্যাপী তাদের এই জনহিতকর কাজ চলমান থাকবে বলেও তিনি জানান।

চলাচলে অনুপযোগী রাস্তাটি সংস্কার করায় পথচারী ও এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *