কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলার নবাগত পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম দায়িত্ব গ্রহণের পরদিনই জেলার গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন। রোববার (৩০ নভেম্বর ২০২৫) সকাল ১১টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এর আগে শনিবার (২৯ নভেম্বর) কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন খন্দকার ফজলে রাব্বি, পিপিএম। দায়িত্ব গ্রহণের সময় জেলা পুলিশের কর্মকর্তারা তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন।
মতবিনিময় সভায় পুলিশ সুপার বলেন, “কুড়িগ্রামের আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখা এবং মাদক, জুয়াসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপূরক। উন্নত ও নিরাপদ জেলা গঠনে সবার সহযোগিতা প্রয়োজন।” তিনি সাংবাদিকদের তথ্য সহযোগিতা ও গঠনমূলক পরামর্শের আহ্বান জানান।
সভায় কুড়িগ্রামের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন কৌশল এবং সামাজিক সমস্যাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সাংবাদিকরাও জেলার বিভিন্ন সমস্যা ও জনভোগান্তির বিষয় তুলে ধরেন।
এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এস.এম মুক্তারুজ্জামান, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম, পিপিএম, ডিআইও-১ মোঃ আলমগীর হোসেন, ওসি ডিবি মোঃ বজলার রহমান ও টিআই (প্রশাসন) মোঃ মঞ্জুর হোসেন। এছাড়াও জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
