শাওন আহম্মেদ লেবু,কুড়িগ্রাম উত্তর ধরলা প্রতিনিধি-

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করা হয়েছে। এ উপলক্ষে মিলাদ, দোয়া মাহফিল এবং আলোচনা সভার আয়োজন করে উপজেলা বিএনপি।

সোমবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলা বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এরপর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে শহীদ জিয়া, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলীয় নেতৃবৃন্দের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজার নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা কুড়িগ্রাম জেলা সদরে আয়োজিত কেন্দ্রীয় কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

জেলা বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা। সভায় বক্তব্য রাখেন সদস্য সচিব সোহেল হোসাইন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বিএনপির গৌরবময় ইতিহাস, গণতন্ত্র রক্ষায় দলের ভূমিকা এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির প্রয়োজনীয়তা তুলে ধরে। বক্তারা অবিলম্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করার দাবিও জানান।

এ সময় কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মৎস্যজীবী দল, জাসাস, তাঁতীদলসহ দলের অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

দিনব্যাপী কর্মসূচির শেষ পর্বে গরিব ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *