লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার মধ্য সিঙ্গিমারী সীমান্তে ঘাস কাটতে যাওয়া হাসিবুল আলম (২৫) নামে এক বাংলাদেশী যুবককে গুলি করে আহত অবস্থায় ধরে নিয়ে গেছে বিএসএফ। বুধবার বিকালে বিজিবি ও বিএসএফ’এর মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে ওই যুবককে ফেরতের আশ্বাস দিয়েছে বিএসএফ। এরআগে
বুধবার দুপুরে ওই সীমান্তের ৮৯৪ নম্বর মেইন পিলার এবং ৬এস সাব পিলারের কাছে এ ঘটনা ঘটে।

আহত হাসিবুল আলম ওই এলাকার জাহিদুল ইসলামের ছেলে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, হাসিবুলসহ কয়েকজন বাংলাদেশি নাগরিক নিজ দেশের ভূখণ্ডে, ৮৯৪ নম্বর প্রধান পিলারের ৬ এস সাব-পিলারের কাছে ঘাস কাটতে গিয়েছিলেন। এ সময় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার শীতলকুচি থানার নগর সিঙ্গিমারী ক্যাম্পের বিএসএফের একটি টহল দল বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে তাদের ধাওয়া করে এবং গুলি ছোড়ে। এ সময় অন্যরা পালিয়ে গেলেও হাসিবুল গুলিবিদ্ধ হলে তাকে আহত অবস্থায় ধরে নিয়ে যায় বিএসএফ সদস্যরা।

ঘটনার দিন বিকেলই বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ গুলিবিদ্ধ হাসিবুলকে বৃহস্পতিবার বিকেলে ফেরত দেওয়া হবে বলে আশ্বস্ত করে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত বিজিবির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে সীমান্তে বাংলাদেশি নাগরিককে গুলি করে ধরে নিয়ে যাওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পতাকা বৈঠকে ফেরতের আশ্বাসে স্বস্তি ফিরলেও হাসিবুল সুস্থ অবস্থায় ফিরবে কি না এ নিয়ে শংঙ্কায় আছেন পবিবার।

হাতীবান্ধা থানার ওসি মাহামুদুন নবী বলেন, হাসিবুলের ‍গালে গুলি লেগেছে বলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছে। হাসিবুলকে ভারতের কুচবিহার জেলার একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পতাকা বৈঠকে তাকে ফেরতের আশ্বাস দিয়েছে বিএসএফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *