ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রতিদিন সকালে হাতে কফির ফ্লাস্ক নিয়ে কুড়িগ্রাম সরকারি কলেজ চত্বর, ডিসি সরোবরসহ শহরের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতেন সোহেল। শিক্ষার্থী, চাকরিজীবী ও পথচারীদের কাছে তিনি পরিচিত ছিলেন ‘কফি ম্যান সোহেল’ নামে। এক কাপ কফি বিক্রি করেই চলত তাঁর সংসার। কিন্তু আজ সেই সংগ্রামী মানুষটি নিজেই জীবনযুদ্ধে অসহায় হয়ে পড়েছেন।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ৩ নম্বর তিলাই ইউনিয়নের সালমারা গ্রামের বাসিন্দা সোহেল ২০২২ সালে জটিল হৃদরোগে আক্রান্ত হয়ে ওপেন হার্ট সার্জারি করান। চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে পরিবারের সঞ্চয় শেষ হয়ে যায়, এমনকি ঋণের বোঝাও কাঁধে চাপে। সুস্থ হওয়ার পর পরিবারের হাল ধরতে তিনি আবার কাজে ফেরেন। অসুস্থ শরীর নিয়েই প্রতিদিন কফি বিক্রি করে স্ত্রী-সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার চেষ্টা করেছেন।
কিন্তু সম্প্রতি আবারও তাঁর হৃদযন্ত্রে গুরুতর সমস্যা দেখা দিয়েছে। চিকিৎসকেরা দ্রুত প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করার পরামর্শ দিয়েছেন। এসব পরীক্ষা করাতে প্রায় ২০ হাজার টাকা প্রয়োজন হলেও সেই অর্থ জোগাড় করতে পারছেন না তিনি। ফলে প্রয়োজনীয় চিকিৎসাও অনিশ্চয়তার মুখে।
সোহেলের পরিবারের সদস্যরা জানান, তাঁর দুই বছরের ছোট্ট সন্তান প্রতিদিন বাবার দিকে তাকিয়ে থাকে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি অসুস্থ হয়ে পড়ায় সংসারে নেমে এসেছে চরম সংকট। প্রতিদিনের খাবার জোগাড় করাই যেখানে কঠিন হয়ে পড়েছে, সেখানে চিকিৎসার ব্যয় বহন করা তাদের পক্ষে প্রায় অসম্ভব।
স্থানীয় বাসিন্দারা বলেন, সোহেল কখনো মানুষের কাছে সাহায্য চাননি। নিজের পরিশ্রমের ওপর ভরসা করে জীবন চালানোর চেষ্টা করেছেন। কিন্তু আজ জীবন বাঁচানোর লড়াইয়ে তিনি সমাজের সহমর্মিতা ও সহযোগিতার মুখাপেক্ষী।
মানবিক সহায়তায় এগিয়ে এলে হয়তো আবারও সুস্থ হয়ে হাতে কফির কাপ তুলে নিতে পারবেন সোহেল। ফিরতে পারবেন তাঁর দুই বছরের সন্তানের কাছে, যে এখনো বাবার সুস্থ হয়ে ঘরে ফেরার অপেক্ষায়।
সহায়তা পাঠানোর আগে বিষয়টি নিশ্চিত করতে সোহেলের সঙ্গে সরাসরি ফোনে কথা বলার অনুরোধ জানিয়েছেন স্বজনরা।
সহায়তার মাধ্যম (বিকাশ/নগদ – পার্সোনাল):
সোহেল: 01334-013181
