কুড়িগ্রাম প্রতিনিধি:
“ঔষধি ও সুরক্ষার বৃক্ষ নিম গাছ লাগাই, স্বাস্থ্য ও পরিবেশ বাঁচাই” স্লোগানে কুড়িগ্রামে অনুষ্ঠিত হলো ‘সবুজ উৎসব ২০২৫’। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘অরণ্য’-এর আয়োজনে রবিবার (১০ আগস্ট) দুপুরে মধ্যকুমরপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত এ আয়োজনে অংশ নেন শতাধিক পরিবেশপ্রেমী।
উৎসবে স্থানীয় প্রজাতির ৫০০টির বেশি নিমগাছের চারা বিতরণ ও রোপণ করা হয়। পাশাপাশি প্লাস্টিক দূষণ রোধে সচেতনতা কর্মসূচি, গাছে পেরেক মারা বন্ধে ‘লাল কার্ড’ প্রদর্শন, শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গ্যাটসবি ওয়ার্ল্ড ও রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ২০১২ সালের ব্যাচ অনুষ্ঠানে সহযোগিতা করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা পারভীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠক ও লেখক জুলকারনাইন স্বপন, মজিদা আদর্শ কলেজের সাবেক সহকারী অধ্যাপক ইয়াসমিন জাফরী। সভাপতিত্ব করেন ভোগডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান ও মধ্যকুমরপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আলহাজ্ব সাইদুর রহমান। সঞ্চালনা করেন খাদিজাতুল কুবরা টুম্পা।
অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুবর্ণা রানী শপথ পাঠ শেষে বলেন, “আমরা গাছে পেরেক মারা বন্ধ করব এবং অন্যদেরও তা নিষেধ করব।” বক্তারা জানান, বৈশ্বিক উষ্ণতা ও পরিবেশের অবক্ষয় রোধে বৃক্ষরোপণের বিকল্প নেই। বিশেষ করে নিমগাছ শুধু পরিবেশই রক্ষা করে না, এর অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল ও ভেষজ গুণ মানবস্বাস্থ্যের জন্যও অমূল্য।
অরণ্যের উপদেষ্টা নুর আমিন জানান, ২০১৬ সাল থেকে সংগঠনটি কুড়িগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তার ধারে ও খালি জমিতে প্রায় ১৩ হাজার গাছ লাগিয়েছে। তাদের লক্ষ্য, পুরো জেলাকে বৃক্ষময় করে গড়ে তোলা। ইউএনও সাইদা পারভীন বলেন, “‘অরণ্য’ শুধু গাছ লাগায়নি, সচেতনতার বীজও বপন করেছে।”
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ‘সবুজ উৎসব ২০২৫’ পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও টেকসই উন্নয়নের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ভবিষ্যতে জেলার প্রতিটি ইউনিয়নে বৃক্ষরোপণ ও সংরক্ষণ কর্মসূচি চালাবে ‘অরণ্য’।
