Exif_JPEG_420

লালমনিরহাট প্রতিনিধি
“দেশ সংস্কার হয়েছে, এবার রেলওয়ে সংস্কার হবে” স্লোগান নিয়ে বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট এর ক্যারেজ এন্ড ওয়াগন বিভাগের কর্মকর্তা তাসরুজ্জামান বাবুর বদলি বাতিল করে স্বপদে বহাল রাখার দাবীতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা।
রোববার (৬ অক্টোবর) দুপুর ১২টায় বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ম্যানেজার এর কার্যালয়ের সামনে রেলওয়ে ফেসবুক ফ্যানস্ ও সাধারন শিক্ষার্থীবৃন্দের আয়োজনে ওই মানববন্ধন কর্মসূচী ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে তারা, বাংলাদেশ রেলওয়ের উর্ধতন কর্মকর্তাদের বৈষম্যমূলক আচরন ও ক্ষমতার অপব্যবহার নিন্দা জানিয়ে অনতিবিলম্বে বাংলাদেশ রেলওয়ের সকল দূর্নীতি বন্ধ করতে হবে এবং ক্যারেজ এন্ড ওয়াগন বিভাগের কর্মকর্তা তাসরুজ্জামান বাবুর বদলি আদেশ বাতিল পূর্বক তাকে স্বপদে বহাল করার দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সাধারন শিক্ষার্থীবৃন্দের পক্ষে সাদিকুল ইসলাম দীপ্ত, অরিত্র দেব প্রমুখ। মানববন্ধন ও স্মারকলিপি প্রদানে সাধারন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক বরাবর যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে “লালমনিরহাট রেলওয়ের যান্ত্রিক বিভাগের (ক্যারেজ এন্ড ওয়াগন) বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী তাসরুজ্জামান বাবু-এর বদলী আদেশ বাতিল পূর্বক স্বপদে বহাল করতে স্বারকলিপি প্রদান করা হয়।” স্মারকলিপি গ্রহণ লালমনিরহাট ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার মোঃ আব্দুস সালাম।

স্মারকলিপি সূত্রে জানা যায়, সোশ্যাল মিডিয়া ফেসবুক এর মাধ্যমে সাধারণ শিক্ষার্থীরা জানতে পারে যে, লালমনিরহাট রেলওয়ের যান্ত্রিক বিভাগের (ক্যারেজ এন্ড ওয়াগন) বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী জনাব তাসরুজ্জামান বাবু-কে অন্যায়ভাবে তাহার বর্তমান পদ হইতে পদ-অবনমন করে নিম্নপদে বদলী করা হয়েছে এবং এর পেছনে একটি ঠিকাদারী প্রতিষ্ঠানসহ রেলওয়ের অনেক উচ্চ পর্যায়ের কর্মকর্তাগণ জড়িত আছেন। তাসরুজ্জামান বাবু- দেশের প্রথম স্বয়ংক্রিয় রেলওয়ে টার্ন-টেবিলটি নিজস্ব পরিকল্পনায় রেলওয়ের অব্যবহৃত মালামাল ব্যবহার করে স্বল্প খরচে তৈরি করেছেন। এতে সারাদেশে আমাদের লালমনিরহাটের ভাবমুর্তি উজ্জ্বল হয়েছে। দেশের নানা প্রান্ত থেকে এই টার্ন টেবিল দেখার জন্য অনেক মানুষ এখন এখানে আসে। এছাড়াও রেল-কোচের নিজস্ব প্রযুক্তিতে হুইল সেট গাইড তৈরির মতো যুগান্তকারী উদ্ভাবন তিনি উপহার দিয়েছেন। লালমনিরহাট ক্যারেজ ডিপোর কাজের মান উন্নয়নে তিনি বিশেষ ভূমিকা রেখেছেন। লালমনিরহাট ক্যারেজ ডিপোর সাধারণ কর্মচারীদের সমস্যার কথা চিন্তা করে তিনি তাদের সুবিধার জন্য এদেশের স্বাধীনতার পর এখানে প্রথম কোচ লিফটিং হুইসটিং জ্যাক ও রিরোলিং ইকুইপমেন্ট টেন্ডার আহ্বান করে তা কিনে দেয়ার ব্যবস্থা করেছেন। তিনি ব্যক্তি জীবনে তিনি সৎভাবে জীবনযাপন করেন। তার বিরুদ্ধে কোনো বড় দুর্নীতির আভিযোগ নেই। এমন একজন ব্যক্তিকে আপনার দপ্তর হইতে তাহার পদ-অবনমন করে তাহার দপ্তর যান্ত্রিক বিভাগ হইতে অন্য দপ্তরে বদলীর সিদ্ধান্ত সত্যিই দুঃখজনক ও হতাশার। এ আদেশের মাধ্যমে রেলওয়ের দূর্বলতা ও দূর্নীতির চিত্র ফুটে উঠেছে। আমরা এই স্বারকলিপির মাধ্যমে আপনার নিকট অনুরোধ রাখতে চাই জনাব তাসরুজ্জামান বাবু-এর বদলী আদেশ বাতিল পূর্বক স্বপদে বহাল করতে হবে। তাহার প্রতি করা এই অন্যায়-অবিচারের সঠিক তদন্ত করতে হবে এবং দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। জনাব তাসরুজ্জামান বাবুর মতো মেধাবী কর্মকর্তারা বাংলাদেশ রেলওয়ের গৌরব। তাহার প্রতি সম্মান ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করে বাংলাদেশ রেলওয়ের ভাবমূর্তি উন্নয়নে আপনার প্রতি বিশেষ অনুরোধ জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন