খুলনা প্রতিনিধি
খুলনা জেলার দাকোপ থানার অফিসার ইনচার্জ (ওসি) পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) **জনাব সিরাজুল ইসলাম কর্তব্যরত অবস্থায় আকস্মিক অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ০৮ নভেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ বিকাল আনুমানিক ১৬:০০ ঘটিকায় ওসি সিরাজুল ইসলাম দাকোপ থানায় দায়িত্ব পালনকালে হঠাৎ শারীরিকভাবে মারাত্মক অসুস্থবোধ করেন। তাৎক্ষণিকভাবে তাকে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা শহরে পাঠানোর পরামর্শ দেন। পরে তাকে বিভাগীয় পুলিশ হাসপাতাল হয়ে খুলনার সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসকরা জানান, তিনি ব্রেইন স্ট্রোকজনিত কারণে মস্তিষ্কে রক্তক্ষরণে আক্রান্ত হন। উন্নত চিকিৎসাধীন অবস্থায় ১০ নভেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ রাত ১৯:২৬ ঘটিকায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি সিরাজুল ইসলাম ০২ ফেব্রুয়ারি ১৯৮৬ খ্রিষ্টাব্দে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গোবিন্দপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ০১ জুলাই ২০১১ খ্রিষ্টাব্দে বহিরাগত ক্যাডেট সাব-ইন্সপেক্টর হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। দীর্ঘ ১৪ বছর ৪ মাস ১৩ দিন কর্মজীবনে তিনি যশোর, মাগুরা ও খুলনা জেলায় নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
সর্বশেষ তিনি ২৯ আগস্ট ২০২৪ খ্রিষ্টাব্দ থেকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত খুলনার দাকোপ থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
তার মৃত্যুতে খুলনা জেলা পুলিশ গভীর শোক প্রকাশ করেছে। জেলা পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে—
“মরহুম সিরাজুল ইসলামের মত একজন পেশাদার, দেশপ্রেমিক ও নিবেদিতপ্রাণ পুলিশ কর্মকর্তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তিনি জনগণের জানমাল রক্ষায় শেষ মুহূর্ত পর্যন্ত কর্মরত ছিলেন।”
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
খুলনা জেলা পুলিশের সকল সদস্য মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
